শিরোনাম
সেনাবাহিনীর প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণ করে তাহলে তা প্রতিহত করা হবে। আমরা সেনাবাহিনী প্রস্তুত আছি। সীমা লঙ্ঘন হলে সমুচিত ব্যবস্থা আমরা নেব।
শনিবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ সেনাবাহিনীর শেখ রাসেল সেনানিবাসে একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান এসব কথা বলেন।
তিনি বলেন, ফোর্সেস গোল-২০৩০ সাল বাস্তবায়নের লক্ষ্যে ও বাংলাদেশ সেনাবাহিনী আধুনিকায়নে এগিয়ে যাচ্ছে। তারই প্রতিফলন ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন। বাংলাদেশ সেনাবাহিনী প্রদত্ত দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। সেই কাজে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে বলে জানান সেনাপ্রধান।
এর আগে পতাকা উত্তোলন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে সেনাবাহিনীর নতুন ইউনিটের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, শরীয়তপুর-২ আসনের এমপি একেএম এনামুল হক শামীম, শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুল আলমসহ অনুষ্ঠানে সেনাসদরের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাগণসহ জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া, সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণসহ অন্যান্য অফিসার, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্যবৃন্দ, অসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।