শিরোনাম

গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও ভালুকা, গাজীপুরসহ মোট নয়টি ইউনিট কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার ব্লিচিং পাউডার রাখার জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে আশপাশের মানুষজন বাড়িঘর ছেড়ে চলে গেছে।

আজিজ কেমিক্যাল কারখানার কর্মকর্তা ফয়সাল আহমদ জানান, হঠাৎ করে ব্লিচিং পাউডারের গুদাম থেকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি, আগুনও নিয়ন্ত্রণে আসেনি।