শিরোনাম

নুরকে অব্যাহতি, মামুনের নামে গ্রেফতারি পরোয়ানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১ ২:৪৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

কোতোয়ালি থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ পাঁচজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

কোতোয়ালি থানায় ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে গত বছর একটি মামলা হয়। সেই মামলায় ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে চার্জশিট দাখিল করা হয়। বাকি পাঁচ আসামিকে এ অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। সেই চার্জশিট গ্রহণ করে পাঁচ আসামিকে অব্যাহতি ও একজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
আসামিপক্ষে আইনজীবী ছিলেন খাদেমুল ইসলাম ও সিরাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম।

অব্যাহতিপ্রাপ্ত আসামিরা হলেন- ডাকসুর সাবেক ভিপি নুরুল হক, ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম (২৮), নাজমুল হাসান সোহাগ (২৮), নাজমুল হুদা (২৫) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকী (২৩)।

উল্লেখ্য, গত বছরের ২২ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালি থানায় ভুক্তভোগী ঢাবির এক শিক্ষার্থী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ওই তরুণীকে অপহরণের পর পারস্পরিক সহযোগিতায় ধর্ষণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ আনা হয়।