শিরোনাম

৫০০ টাকার লাইসেন্স ফি’র উৎসে কর ৩ হাজার টাকা !

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২১ ১১:৫৯ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ক্ষুদ্রব্যবসায়ীদের ৫০০ টাকার ট্রেড লাইসেন্স নবায়ন করতে উৎসে কর দিতে হবে তিন হাজার টাকা। এজন্য ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নবায়ন না করায় রাজস্ব হারাচ্ছে সরকার। এদিকে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন কর কমাতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে চিঠি দিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তার চিঠির প্রেক্ষিতে এনবিআর থেকে এখন পর্যন্ত কোনো জবাব দেওয়া হয়নি।

চিঠিতে শেখ ফজলে নূর তাপস উল্লেখ করেন, অধিকাংশ ব্যবসায়ী ক্ষুদ্র পুঁজি নিয়ে ব্যবসা করছেন। তাদের পক্ষে বাড়তি তিন হাজার টাকা পরিশোধ কষ্টকর হবে। এ কারণে অনেকেই লাইসেন্স নবায়ন করতেই আগ্রহী হচ্ছেন না। এতে সিটি করপোরেশনের নিয়মিত ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রমও ব্যহত হচ্ছে। তিন হাজার টাকার উৎস কর বাতিল হলে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স বাবদ রাজস্ব আদায় বাড়বে।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর তিন হাজার টাকা উৎসে কর অতিরিক্ত হয়ে হয়েছে। ফলে ক্ষুদ্রব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নবায়ন করছেন না। এজন্যই আমরা রাজস্ব হারাচ্ছি।

ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর তিন হাজার টাকা উৎসে কর ধার্যের বিষয়ে যোগাযোগ করা হলে এনবিআরের একজন সদস্য বলেন, ব্যবসায়ীরা বছর শেষে রিটার্ন দাখিলের সময় এ কর দেখাবেন। রিটার্নে সমন্বয় করতে পারবেন। অতিরিক্ত কর দিলে তা ফেরত পাবেন।

জেএইচ/পি