শিরোনাম
সৌদিগামী ফ্লাইট বাতিলের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভ শুরু করেছেন প্রবাসী শ্রমিকরা। রবিবার (১৮ এপ্রিল) সকালে টিকেট রিকনফার্ম করতে এসে কর্তৃপক্ষের সাড়া না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে সোনারগাঁও হোটেল কম্পাউন্ডে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয় ও রাস্তার সামনে বসে পড়েন তারা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটানাস্থলে পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে রাস্তাটি ছেড়ে দিতে অনুরোধ করলে অনেকে সরে যান। তবে এখনও অনেক শ্রমিক রাস্তায় রয়েছেন। সৌদি এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি সরকার এ দেশ থেকে ফ্লাইট অবতরনের অনুমতি না দেওয়ায় তারা ফ্লাইট বাতিল করছেন এবং টিকেট রিকনফার্ম বন্ধ রেখেছেন। এ নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে জানিয়ে গতকাল সংস্থার ম্যানেজার জাহিদুল ইসলাম জানিয়েছিলেন, রবিবার (আজ) সন্ধ্যা থেকে তারা ফ্লাইট চালুর বিষয়ে আশাবাদী।
বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, শনিবার ও আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারের সৌদিগামী কোনো ফ্লাইট ঢাকা ছাড়েনি। দেশব্যাপী লকডাউন চলায় বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতেই তাদেরকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। অথচ ফ্লাইট বাতিলের বিষয়টি তাদেরকে জানানো হয়েছে একেবারে শেষ মুহূর্তে। অনেকের ভিসার মেয়াদ শেষের দিকে। ছুটি কাটাতে দেশে এসে এখন চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন তারা।
বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে পৌঁছানোর সুবিধার্থে গত শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে প্রায় ১০০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত ১৫ এপ্রিল এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রথম দিনে ১৪টি ফ্লাইটের ১২টিই বাতিল ঘোষণা করা হয়।