শিরোনাম
চট্টগ্রাম আদালতপাড়ায় কামরুল হাসান হৃদয় নামে এক ভুয়া ব্যারিস্টারকে আটক করেছে আইনজীবী সমিতি। মঙ্গলবার বিকেলে তাকে আটক করে সমিতির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে নগরীর কোতোয়ালী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
শুধু ব্যারিস্টারই নয়, তিনি সাংবাদিক পরিচয় দিয়েও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন মোহাম্মদ জিয়া উদ্দিন সমকালকে বলেন, আইনজীবী না হয়েও তিনি ব্যারিস্টার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে সমিতিতে অনেক অভিযোগ আসছিল। আজ প্রতারণার সময় তাকে হাতেনাতে ধরে সমিতি অফিসে আনা হয়। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে তাকে কোতোয়ালী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
আইনজীবী সমিতির সমিতির পাঠাগার সম্পাদক আলী আকবর সানজিক বলেন, প্রতারক ভুয়া ব্যারিস্টার কামরুলের বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় একটি প্রতারণার মামলা রয়েছে। তার কাছ থেকে ভুয়া ব্যারিস্টার, সাংবাদিক, সম্পাদকসহ বহু ধরণের আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের স্থানীয় আজাদীর সাংবাদিক মোরশেদ তালুকদার জানান, সম্প্রতি কয়েকজন কাউন্সিলর প্রার্থীর কাছে এই প্রতারক নিজে মোরশেদ তালুকদার সেজে অর্থ হাতিয়ে নিতে ফোন করেন। কাউন্সিলর প্রার্থীদের কাছে যে নম্বর থেকে ফোন গেছে-প্রতারক কামরুলের থেকে উদ্ধার হওয়া নম্বররগুলো একই। সাংবাদিক সেজে প্রতারণার আশ্রয় নেওয়ায় আমি তার দৃষ্টামূলক শাস্তি চাই।