শিরোনাম

গভীর রাতে ঘরে ঢুকে ছাত্রলীগ নেতাকে জাপটে ধরল যুবক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২১ ১:৫৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের শোয়ার ঘরে হানা দিয়েছেন রাসেল মিয়া (২৮) নামের এক যুবক। বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে পুঠিয়া উপজেলার গোপালহাটি এলাকায় এই ঘটনা ঘটে।

আটক রাসেল মিয়া উপজেলার পালোপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তবে কেন ওই যুবক ছাত্রলীগ নেতার বাড়িতে হানা দিয়েছিলেন তা এখনও জানতে পারেনি পুলিশ।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ওই যুবককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতেই ছাত্রলীগ নেতা হাবিবের বাড়ি থেকে তাকে আটক করে থানায় নেয়া হয়। তার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ দেয়া হয়নি। কী কারণে ওই যুবক ছাত্রলীগ নেতার বাড়িতে হানা দিয়েছিলেন সেটিও জানা যায়নি।

জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব জানিয়েছেন, দলীয় কার্যক্রম শেষে রাত সোয়া ২টার দিকে তিনি বাড়ি ফেরেন। তালা খুলে শোয়ার ঘরে প্রবেশের সময় পেছন থেকে ওই যুবক তাকে জাপটে ধরেন। চিৎকার করলে ওই যুবক তাকে শ্বাসরোধ করার চেষ্টাও করেন। পরে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। তখনই পাকড়াও করা হয় ওই যুবককে। রাতেই খবর পেয়ে পুলিশ এসে ওই যুবককে থানায় নিয়ে যায়।

ওই যুবকের এমন কাণ্ডে তিনিও অবাক হয়েছেন। এনিয়ে আইনত ব্যবস্থা নেবেন বলেন জানিয়েছেন হাবিবুর রহমান হাবিব।