শিরোনাম

লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে চলে আসে। এরপর চেষ্টা করেও বাসটি থামাতে পারেনি চালক। এমন সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। আহত হন আরও পাঁচজন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে, দুর্ঘটনার পর লোহাগাড়া ফায়ার সার্ভিস এবং পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে, দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।