শিরোনাম

ডিবি কার্যালয়ে শাওন-সাবাকে টানা জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং আরেক অভিনেত্রী সোহানা সাবা-কে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আনা হয়।

তবে তাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, দুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তাদের এসব বিষয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ‌ জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না পুলিশ।

তাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দুই অভিনেত্রীকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে, গতকাল রাতে ধানমন্ডি থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়। এর কিছু সময় পর আরেক অভিনেত্রী সোহানা সাবার আটক হওয়ার খবর পাওয়া যায়।

উল্লেখ্য, দেশজুড়ে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে ভাঙচুর-আগুন দেওয়ার মধ্যে গতকাল সন্ধ্যায় জামালপুরের নরুন্দিতে শাওনের গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই তার গ্রেপ্তার হওয়ার খবর আসে।

মেহের আফরোজ শাওন ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শাওনের মা তহুরা আলীও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী।

এদিকে সোহানা সাবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে গত বছর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সোহানা সাবাসহ শিল্পীদের একাংশ হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।

আন্দোলনে সরকার পতনের পর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট বার্তার কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।