শিরোনাম

পুলিশ নানামুখী ব্যবস্থা নেওয়ায় এবারের ঈদযাত্রা ছিলো নিরাপদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

সারা দেশে উদযাপিত পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট স্পিডগান ব্যবহারসহ নানামুখী ব্যবস্থা গ্রহণ করে। ফলে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকায় জনগণের ঈদযাত্রা ছিলো নিরাপদ ও স্বস্তিদায়ক ।

সাধারণত ওভারস্পিড সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত। অননুমোদিত যানবাহনে যাত্রী পরিবহন রোধ এবং স্পিডগান ব্যবহারের মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণের ফলে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে।

গত ১৩ থেকে ১৮ জুন ২০২৪ পর্যন্ত বাংলাদেশ পুলিশ দেশের বিভিন্ন মহাসড়ক ও সড়কের ৫৫৬টি স্থানে স্পিডগান ব্যবহার করেছে। একই সময়ে ওভারস্পিডের কারণে ১ হাজার ৪৫৮টি প্রসিকিউশন দেওয়া হয়েছে। ওই সময়ে গণপরিবহন ব্যতীত অন্যান্য পরিবহনে যাত্রী পরিবহন করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ৫৮৩টি যানবাহনের বিরুদ্ধে।

এছাড়া, পুলিশ ২ হাজার ১৪টি স্থানে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। আলোচ্য সময়ে মোট ৭ হাজার ১০২টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা হ্রাস, জনগণের নিরাপদ এবং স্বস্তিদায়ক চলাচল অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে।