শিরোনাম

চার ঘণ্টায় ১৫-২০ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চার ঘণ্টায় ১৫ থেকে ২০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

বুধবার (৮ মে) নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে আমাদের মাঠ পর্যায় থেকে জানানো হয়েছে। একেক জায়গায় একেকরকম ভোট পড়েছে। দুপুর ১২টা পর্যন্ত ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে। প্রকৃত হার আরও পরে পাব। কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। দু’একটি ঘটনা যেখানে ঘটেছে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।

ইসি সচিব বলেন, বগুড়ায় অবৈধভাবে ভোট দেওয়ায় একজন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। আর দু’এক জায়গায় যে ঘটনা ঘটেছে তাতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভোটকেন্দ্রের বাইরে কোনো ঘটনা ঘটলে তা আমাদের কাছে রিপোর্ট হয় না। তবে খাগড়াছড়ির লক্ষিরছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলার ঘটনায় ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

সচিব জানান, আমরা শঙ্কা করেছিলাম ইভিএম হয়তো ঠিকমতো কাজ করবে না। কিন্তু আল্লাহর রহমতে ভালোভাবে কাজ করছে। আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে।