শিরোনাম

বরিশালে স্ত্রী হত্যায় গ্রেফতার স্বামীসহ তিনজন কারাগারে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় রাশিদা বেগম নামে এক গৃহবধূকে হাতুড়িপেটা এবং কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের ভাই আলামিন শাহ বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে এই মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী তামিম শেখ (৪২), তার সহযোগী মো. রুবেল দারিয়া (৩৮) ও মো. জুলাহাসকে (৫০) আসামি করা হয়েছে। এই ৩ জনকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি মাহেন্দ্র আলফা এবং হাতুড়িসহ অন্যান্য সরঞ্জাম।

শুক্রবার সকাল ১১টায় বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন এই তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার এবং আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম ছরোয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, গত বুধবার স্ত্রী রাশিদাকে নিয়ে গোপালগঞ্জের একটি হোটেলে অবস্থান করে তামিম শেখ। ওই দিন রাত ৮টার পর রাশিদাকে নিয়ে মাহেন্দ্রযোগে আগৈলঝাড়ায় যাওয়ার পথে বাইপাস রোড এলাকায় হাতুড়িপেটা করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে তার স্বামী ও সহযোগীরা। এ সময় রাশিদার ১০ মাস বয়সের শিশু ছেলেকে ওই রাতে তীব্র শীতের মধ্যে খোলা জায়গায় রেখে পালিয়ে যায় তারা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই রাতেই রাশিদার লাশ এবং শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাশিদার স্বামী তামিম শেখকে গত বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই হত্যাকান্ডে ব্যবহৃত হাতুড়িসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার এবং তামিমের অপর দুই সহযোগীকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৩ জনই রাশিদাকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এদিকে গত বৃহস্পতিবার শেষ বিকেলে বরিশাল মর্গে ময়না তদন্ত শেষে রাশিদার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওইদিন তার মরদেহ আগৈলঝাড়ার নিজ গ্রামে দাফন করা হয়। শিশুটিকে তার মামার জিন্মায় দেয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন।

উল্লেখ্য, গোপালগঞ্জের বেত গ্রামের আনোয়ার শেখের ছেলে তামিম শেখের সাথে আগৈলঝাড়ার নগড়বাড়ি গ্রামের মৃত করিম শাহর মেয়ে রাশিদা বেগমের গত তিন বছর আগে বিয়ে হয়। তারা আগৈলঝাড়ার উপজেলার ১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। তামিমের প্রথমা স্ত্রী এবং তার ঔরসে দুটি সন্তান রয়েছে। অপরদিকে রাশিদার আগের একটি বিয়ে ছিলো। ওই স্বামীকে তালাক দিয়ে তামিমকে দ্বিতীয় বিয়ে করে সে। তার প্রথম স্বীমার ঘরেও দুটি সন্তান রয়েছে।