শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন বাবুগঞ্জের পুত্রবধূ ও ঢাবির মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান শিমু। বহুগুণের অধিকারিণী নুসরাত জাহান শিমু বাবুগঞ্জ উপজেলার বাহেরচর-ঘোষকাঠী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সম্পাদক আতিকুর রহমান আতিকের সহধর্মিণী এবং দেহেরগতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জনপ্রিয় শিক্ষক বজলুর রহমান মাস্টারের মেজো পুত্রবধূ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে গত ১৭ জুন নিয়োগ বোর্ডের ভাইভা পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের এক সভায় মেধার ভিত্তিতে ঢাবি থেকে পাস করা সাবেক শিক্ষার্থী নুসরাত জাহান শিমুকে সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সম্প্রতি ওই নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নুসরাত জাহান শিমু ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে সিজিপিএ-৪ এর মধ্যে ৩.৮৩ পেয়ে বিএসসি পাশ করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে সিজিপিএ-৩.৮৮ পয়েন্ট পেয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং মাস্টার্স উভয় পরীক্ষাতেই সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান লাভ করার গৌরব অর্জন করেন। এছাড়াও তিনি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ২০০৭ সালে জিপিএ-৫ নিয়ে এসএসসি এবং ২০০৯ সালে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন।
এছাড়াও মেধাবী নুসরাত জাহান শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. আনিস আহমেদের অধীনে তড়িৎ ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এর ডিজাইন অ্যান্ড পারফরম্যান্স এনালাইসিস বিষয়ক তার গবেষণাপত্র (থিসিস) প্রকাশিত হয়। শিক্ষাক্ষেত্রে অসামান্য অর্জনের পাশাপাশি তিনি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের স্কাউট লিডার ছিলেন। এছাড়াও তিনি শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সেবামূলক কাজে কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবন থেকেই সরাসরি সম্পৃক্ত ছিলেন।
নুসরাত জাহান শিমু যশোর জেলার কেশবপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মহিদুল ইসলাম ও শিক্ষিকা শিরিন সুলতানা দম্পতির কন্যা। বাবুগঞ্জ উপজেলার বাহেরচর-ঘোষকাঠী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক হিসেবে পরিচিত আতিকুর রহমান আতিকের সঙ্গে বিয়ে হওয়ার পরে স্বামীর অনুপ্রেরণায় তিনি শ্বশুড়বাড়ি এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজ ও দুঃস্থ-অসহায় নারীদের উন্নয়নে বিভিন্ন অবদান রাখায় দেহেরগতি ইউনিয়নের মানুষের কাছেও সমান জনপ্রিয় হয়ে ওঠেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশাজীবনের পাশাপাশি স্বামী আতিকুর রহমান আতিকের অনুপ্রেরণায় গ্রামের দরিদ্র-অসহায় নারী ও ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করে যেতে চান নুসরাত জাহান শিমু।