শিরোনাম

যমজ ভাইদের সঙ্গে যমজ বোনদের বিয়েতে মানুষের ঢল

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২১ ৭:১৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

হাঁড়কাঁপানো শীতে সকাল থেকেই বরিশাল নগরের রাস্তাঘাট ছিল ফাঁকা। বিকেলে শীত আরও জেঁকে বসায় মানুষ আগেভাগেই ঘরে ফেরে। আর সন্ধ্যায় ঘর থেকে বের হননি অনেক মানুষই। কিন্তু নগরের নাজিরমহল্লার একটি বাড়িতে বিয়ের আয়োজনে উৎসুক অনেকে শীত উপেক্ষা করে হাজির হন জোড় বিয়ে দেখার জন্য। বিয়ের বর যমজ দুই ভাই। কনেও যমজ দুই বোন।

গতকাল সোমবার রাত ১১টার দিকে নগরের নাজিরমহল্লা এলাকায় এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যমজ দুই বরের বাড়ি পিরোজপুরে। আর যমজ দুই কনের বাড়ি বরিশাল নগরের নাজিরমহল্লা এলাকায়। রাত নয়টায় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও লগ্ন মেলাতে গিয়ে তা শুরু হয় রাত ১১টায়।

আলোচিত এই বিয়ের কনেরা হলেন বরিশাল সরকারি মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ও নগরের নাজিরমহল্লা এলাকার বাসিন্দা স্বপন কর্মকারের যমজ মেয়ে সোনালী কর্মকার (সোনা) ও রূপালী কর্মকার (রূপা)। আর যমজ দুই বর হলেন পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট এলাকার মৃত নিখিল লাল কর্মকারের যমজ ছেলে সজল কর্মকার ও কাজল কর্মকার।

কনে দুই বোনের মধ্যে সোনালী বড়। বর দুই ভাইয়ের মধ্যে সজল বড়। পারিবারিকভাবেই তাঁদের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর দুই ভাইয়ের প্রতিক্রিয়া ছিল পারিবারিকভাবে আয়োজন করা এই বিয়েতে তাঁরা ভীষণ খুশি এবং সবাই তাদের বিয়েতে উপস্থিত হয়ে আশীর্বাদ করায় কৃতজ্ঞ।