শিরোনাম

আহত শিক্ষার্থীদের ভাড়া নেবে না বরিশালের বাস মালিকরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪ ১:৫৭ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

 

হাসিনা সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে ব‌রিশালে আহত শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল পটুয়াখালী বাস মি‌নিবাস মালিক সমিতি। এ ছাড়া সব শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্তও নিয়েছে তারা।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এই ঘোষণা দেন মালিক সমিতির আহ্বায়ক ও ব‌রিশাল মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব জিয়া উদ্দিন সিকদার। এ সময় তিনি বাস টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত এলাকা ঘোষণা করেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে টার্মিনাল এলাকায় যেকোনো নাশকতা রোধে মিছিল করে বাস মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা।

বরিশাল-পটুয়াখালী বাস মি‌নিবাস মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘গত ১৫ বছর যারা বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণ করেছে; তারা একচেটিয়া চাঁদাবাজি করে এই খাতের সুনাম নষ্ট করেছে। আজ থেকে আমি এই টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করলাম।’

এ সময় তিনি আরও বলেন, ‘আগে আমরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের যে চাঁদা দিতাম সেই অর্থ এখন থেকে আমরা দেশ বিনির্মাণে ব্যয় করবো। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যেসব ছাত্র ভাইয়েরা আহত হয়েছেন তাদের আজীবন আমাদের বাসগুলোতে ফ্রি সার্ভিস দিতে চাই। আশা করি ছাত্র ভাইয়েরা আমাদের সেই সুযোগটি করে দেবেন।’

আহত শিক্ষার্থীদের তালিকা চেয়ে তিনি বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা সেখানকার কর্তৃপক্ষ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করবো। তারা আমাদের তালিকা দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে আমাদের রুটগুলোতে সব শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফ করা হয়েছে।’

প্রসঙ্গত, দক্ষিণাঞ্চলের মোট ২২টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে বরিশাল-পটুয়াখালী বাস মি‌নিবাস মালিক সমিতি। এসব রুটে প্রায় ৩ শতাধিক বাস চলাচল করে থাকে। সরকার প‌রিবর্তনের পর রুপাতলী বাস টা‌র্মিনাল নিয়ন্ত্রণে নেয় ব‌রিশাল মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব জিয়াউদ্দিন সিকদার।