বাংলাদেশ জামায়েত ইসলামী বরিশাল মহানগরী কোতয়ালী উত্তর থানার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট শুক্রবার নগরীর সপ্তবর্ণা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান ।
মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ সমাবেশে দারসে কুরআন পেশ করেন অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসাইন।
কোতোয়ালী উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ জাবের হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির অধ্যাপক সৈয়দ গোলাম গোফরান, সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর কবিরসহ ওয়ার্ড সভাপতিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর আমির ইসলামী আন্দোলনের কর্মীদের কুরআন শেখা, বোঝা ও আমল করার ওপর গুরুত্বারোপ করেন। এর পাশাপাশি তিনি সকল জনশক্তিকে জামায়াতে নামাজ আদায়ে যত্নবান হবার তাগিদ দেন। তিনি বলেন, যত ব্যস্ততা থাকুক না কেন অবশ্যই মসজিদে গিয়ে খুশু-খুজুর সাথে সালাত আদায় করতে হবে। জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে সংগঠনের মৌলিক কাজগুলো নিয়মিত করেবেন, বিশেষ করে গ্রুপ ভিত্তিক দাওয়াতী কাজের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, নিজ পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে দাওয়াতী কাজ নিশ্চিত করতে হবে। জনশক্তিদের অধ্যয়ন বাড়াতে হবে। ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সার্বিক সহযোগিতা ও আহতদের পাশে থাকা এবং বর্তমান পানিবন্দী জনগণের জন্য দোয়া ও সহযোগিতার হাত সম্প্রসারণের আহ্বান জানান।