শিরোনাম

অতিরিক্ত ভাড়া নিলেই কঠোর ব্যবস্থা: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভাড়া আদায়ের ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলেই জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত যেন যাত্রীদের কাছ থেকে কোনভাবেই আদায় করা না হয়।

সোমবার সকালে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবহন মালিকদের কঠোরভাবে হুঁশিয়ার করেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না। ট্রাক-কাভার্ড ভ্যানের ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান তিনি।

বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে কোন ভয়ংকর পরিস্থিতি নেই। জনগণের সম্পদ যারা লুন্ঠন করে তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই সরকারের অবস্থান কঠোর। বিএনপি সম্পদ লুণ্ঠনকারীদের পক্ষ নিয়েছে বলেই এ ধরনের বক্তব্য রাখছে, উল্লেখ করেন তিনি।

জনস্বার্থে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতিবাজ এবং অনিয়মকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর উল্লেখ করেন ওবায়দুল কাদের বলেন, এদেশে রাজনীতিতে দুর্বৃত্তায়নের অনুপ্রবেশ ঘটিয়েছে অগণতান্ত্রিক স্বৈর সরকার। তারাই রাজনীতিকে কলুষিত করেছে আর এ দায় বিএনপি কখনও এড়াতে পারবে না।

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের মহানায়ককে হত্যা করে স্বাধীনতার চেতনা বিরোধী ধারায় রাষ্ট্র পরিচালনা করেছিল, সিপাহী জনতার বিপ্লব নামে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যা করেছিল, সময় এসেছে তাদের মুখোশ উন্মোচন করার।

সেতুমন্ত্রী বলেন, হাতের তালু দিয়ে বিএনপি আকাশ ঢাকতে চায় কিন্তু সত্য প্রকাশিত হবেই। সত্যের বন্যা অপ্রতিরোধ্য। পুজামণ্ডপে যারা হামলা করেছে ভিডিও ফুটেজ দেখে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।