শিরোনাম
বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এক সিনিয়র আইনজীবীর সাথে দুর্ব্যবহার করার অভিযোগে আদালত বর্জন করেছেন ওই আদালতের আইনজীবীরা। বিচারকসুলভ আচরণ না করার অভিযোগ জানিয়ে এই আদালত বর্জন করেন তারা। তবে ২০ মিনিট পরই স্বাভাবিক হয় ওই আদালতের কার্যক্রম। সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
বেশ কয়েকজন আইনজীবী জানান, আইনজীবী মজিবুর রহমান দুলাল তার মক্কেলের মামলা নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওঠেন। এসময় আদালতে অনেক আইনজীবী উপস্থিত ছিলেন। তবে হাই কোর্টের নিয়ম অনুযায়ী করোনা প্রাদুর্ভাবে আদালত চলাকালীন সময় ৬ জন আইনজীবী থাকতে পারবেন। এই কারণে বিচারক আবু শামীম আজাদ সিনিয়র আইনজীবী মজিবুর রহমান দুলালকে আদালত থেকে বের হয়ে যেতে বলেন। যা বিচারক স্বরুপ আচরণ নয় বলে দাবী আইনজীবীদের। এরপরেই এই আদালতের সকল আইনজীবীরা আদালত বর্জন করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ফয়েজুল হক ফয়েজ বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সংখ্যার বেশি আইনজীবী আদালত কক্ষে ছিলো। অতিরিক্ত আইনজীবী থাকায় বিচারক এবং আইনজীবীরা বাহিরে চলে গিয়েছিলো। এটি বড় কোন ঘটনা নয়। ২০ মিনিট পর আদালতের কার্যক্রম আবারো স্বাভাবিক হয়।
বরিশাল জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন বলেন, সকালে আদালত চলাকালে আমাদের এক আইনজীবী মজিবুর রহমান দুলালের সাথে অসৌজন্যমুলক আচরণ করেন বিচারক। প্রতিবাদ স্বরুপ তাৎক্ষনিক কক্ষে থাকা আইনজীবীরা সবাই আদালত বর্জন করেন।