শিরোনাম

চরফ্যাশনে হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১ ৭:৩১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

ভোলার চরফ্যাশনে হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) অতিরিক্ত দায়রা জজ চরফ্যাশন আদালতের বিজ্ঞ বিচারক মো. নুরুল ইসলাম দণ্ডবিধির ৩০২/২০১/৫০৬/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে আসামিদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিতরা হলেন শশীভূষণ ২ নং ওয়ার্ডের জামাল উদ্দিন চৌকিদারের ছেলে মো. মোস্তফা ও ইকবাল, মৃত আজাহার আলী চৌকিদারের ছেলে জামাল উদ্দিন চৌকিদার এবং শশীভূষণ ১ নং ওয়ার্ডের মৃত নজির আলী গাজীর ছেলে জয়নাল আবেদীন গাজী।

আদালতের দেয়া আদেশ সূত্রে জানা গেছে, আসামিদের বিভিন্ন মেয়াদে পূর্বের হাজতবাস কাল বাদ দিয়ে ১৭ আগষ্ট ২০২১ থেকে প্রত্যেক আসামির অবশিষ্ট সাজা গননা করা হবে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মামলার বাদী মাওলানা আবদুল্লাহ আল নোমানের শশুড় বাড়ির জমি আসামিরা অবৈধভাবে দখলের চেষ্টা করে। এনিয়ে আসামিরা আক্রোসবসত পূর্ব পরিকল্পিত ভাবে ২০১৩ সালে বাদীর ১০ বছরের শিশুপুত্র কেফায়েত উল্যাহ রাইহানকে হত্যা করে। এ ঘটনায় প্রভাবশালী আসামিদের চাপে থানায় মামলা করতে না পেরে পরবর্তীতে ২০১৩ সালের ২৪ জুন বাদী আদালতে জিআর মামলা নং ৬১/১৩ (শশী) দায়ের করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি মো. মোজাম্মেল হক জানান, বিজ্ঞ বিচারক যে রায় দিয়েছেন তাতে আমরা সন্তষ্ট। এ রায়ে বাদী ন্যায় বিচার পেয়েছেন।

আসামী পক্ষের আইনজীবি মো. ছালেহ উদ্দিন আসামিদের বরাত দিয়ে জানান, রায়ে তারা ন্যায় বিচার পায়নি। রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন।