শিরোনাম

‘স্বাধীনতার মর্যাদা ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে’- প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১ ৮:০৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার মর্যাদা ধরে রেখে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে। রোববার (১০ জানুয়ারি) জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় গণভবন থেকে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের জন্য কাজ করতেন বলেই শাসকরা বারবার তাকে জেলে পাঠিয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনের পর থেকে বঙ্গবন্ধুকে বারবার কারাবরণ করতে হয়। বঙ্গবন্ধু যেখানেই গেছেন, সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। আবার তিনি জামিন পেয়েছেন। বঙ্গবন্ধু মানুষের জন্য কাজ করতেন বলেই শাসকরা বারবার তাকে জেলে পাঠিয়েছেন।

তিনি বলেন, জাতির পিতা এই জাতিকে ভালোবেসেছেন। আমাদের একটাই চিন্তা যে জাতির জন্য আমাদের মহান নেতা জীবন দিয়ে গেছেন সেই জাতির কল্যাণ করা, তাদের জীবন সুন্দর করা। এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমি কিন্তু কাজ করে যাচ্ছি।

দেশের উন্নয়নে সরকারের নেওয়া ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ২১০০ সাল পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন কীভাবে হবে, সেই পরিকল্পনা ডেল্টা প্ল্যান করে দিয়েছি। প্রেক্ষিত পরিকল্পনায় ২০৪১ সালে বাংলাদেশ কেমন হবে সেটা দিয়েছি। ২০৭১ সালে আমাদের স্বাধীনতার শতবর্ষ উদযাপন হবে। আমাদের আগামী প্রজন্ম কীভাবে তা উদযাপন করবে, সেই কথা চিন্তা করেই আমরা কিন্তু পরিকল্পনা হাতে নিয়েছি। সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশ দেন শেখ হাসিনা।

এই সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রান্তে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক,আবদুল মতিন খসরু, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক.এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

Share