শিরোনাম

জবি শিক্ষার্থীদের দাবি শুনতে সচিবালয়ের সামনে উপদেষ্টা নাহিদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪ ৯:৩৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

 

স্বৈরাচার সরকারের আমলের সব চুক্তি বাতিলসহ দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের ৫ দফা দাবি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে সচিবালয়ের সামনে এসেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার (১১ নভেম্বর) বিকেল ৩টার দিকে সেখানে উপস্থিত হন তিনি।

এর আগে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীরা গণপদযাত্রা সহকারে সচিবালয়ের অদূরে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন।

পরে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল দাবির স্মারকলিপি নিয়ে শিক্ষাসচিবের সঙ্গে দেখা করতে সচিবালয়ে ঢোকে। তবে শিক্ষাসচিব দেখা না করায় সচিবালয় ঘেরাও করে হাজারো শিক্ষার্থী।

এ সময় শিক্ষার্থীদের ‘এক দুই তিন চার, ক্যাম্পাস আমার অধিকার’, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও করো, মন্ত্রণালয় ঘেরাও করো’, ‘বৈষম্য মানব না, মানি না মানব না’, ‘দিতে হবে দিয়ে দাও, দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে দাও’, ‘যদি থাকে হায়া লাজ, সেনাবাহিনীকে দাও কাজ’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

দুপুর ২টার দিকে দুইশর মতো শিক্ষার্থী সচিবালয়ের ১ নম্বর গেটে অবস্থান নেন। এর পরপর সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেয়া হয়। এই মুহূর্তে সচিবালয়ে কেউ ঢুকতে কিংবা বের হতে পারছেন না বলে জানা গেছে।

জানা গেছে, শিক্ষার্থীরা অবস্থান নেয়ার পর সচিবালয় এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগে থেকেই সেখানে পুলিশের দুটি সাঁজোয়া যান অবস্থান নিয়ে ছিল। আরও দুটি এপিসি আনা হয়েছে। পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।