শিরোনাম

বরিশালে ইলিশ শিকারে নিষেধাজ্ঞার ১৩ দিনে ৩১৪ জেলের কারাদণ্ড

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪ ১২:৫২ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গেল ১৩ দিনে ৩১৪ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১৭ লাখ ৮৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ৬৯২টি অভিযান চালানো হয়েছে এবং ৪৭৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পাশাপাশি ৫৩৪টি মামলা করা হয়েছে।

সে সময় বরিশাল বিভাগে ৩৩৩ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ২ হাজার ৪০৪ বার বিভিন্ন মাছঘাট, ৪ হাজার ৪৮৫ বার বিভিন্ন আড়ত ও ২ হাজার ৬৬২ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গেল দুদিনের অভিযানে ১২ হাজার ৫৬১ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৩ কোটি ২৭ লাখ ৮২ হাজার ১০০ টাকা মূল্যের ৭৩ লাখ ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ২ লাখ ৩২ হাজার ১০০ টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে।

উল্লেখ্য, বরিশাল বিভাগের ৬ জেলার ৩ হাজার ১৯ হাজার ৮৩০ জন জেলেকে ৭ হাজার ৯৯৬ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।