শিরোনাম

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪ ১২:২৮ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত: ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষ হয়।

ঢাকা কলেজের ছাত্রদের অভিযোগ, গতকাল তাদের নবীনবরণ অনুষ্ঠান ছিল কলেজের হল রুমে। অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সঙ্গে সঙ্গে বিজয় চত্বরের নাঈমের গলি গেটের সামনে পৌঁছালে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মাথা ফেটে যায়। তাদের অভিযোগ, ঢাকা কলেজের ক্যাম্পাসে প্রবেশ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হামলা করেছেন। তারা বলেন, সকালে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীকে কে বা কারা মারধর করেছে। এই কারণে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মনে করেছে, ঢাকা কলেজের ছাত্ররা তাদের মারধর করেছে। এমন অভিযোগে তারা ঢাকা কলেজের ক্যাম্পাসে এসে আমাদের ওপর হামলা করে।

এ ঘটনা ছড়িয়ে পড়লে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যায়।
সংঘর্ষের সময় সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই উভয় কলেজের ২০ জন আহত হয়। এদের মধ্যে ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন, ঢাকা কলেজের মশিউর রহমান (১৭), আব্দুল্লাহ (১৮), তৌহিদুর রহমান তানভীর (১৭), বাদল (১৭), সামির (১৫), তাহমিদ সালেহ (২১), আব্দুল্লাহ (১৮), আরিফ (১৯), শামীম (১৭), বখতিয়ার (১৮), মো শামীম (১৭), নিশাত (১৬), হুজাইফা (২৩), ইয়াসিন (১৮) ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী উসাইব (১৮)।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের নতুন ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে দুই কলেজের ছাত্রদের মধ্যে সকালে যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই দুপুরের দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।