শিরোনাম

গোঁজামিল দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছে -হাসান আরিফ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪ ২:২২ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ’৭১ এর প্রত্যাশা এবং ২০২৪ এর প্রত্যাশা অভিন্ন নয়। ১৯৭১ এর প্রত্যাশা পূরণ হয়নি বিধায় ২০২৪ এর এ গণঅভ্যুত্থানের ঘটনা ঘটেছে।

গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) ‘সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন, কোন পথে হবে গণতান্ত্রিক পুনর্গঠন’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
হাসান আরিফ বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন দেশ পেয়েছিলাম, তাকে সমুন্নত রাখার জন্যই দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের প্রয়োজন। ১৯৭১ এরপর সংবিধান রচনায় যে ধরনের আলোচনা হয়েছিল, তা থেকে আমরা দিক নির্দেশনা পেতে পারি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংবিধানের পরিবর্তন করা হয়েছে বিভিন্ন দেশে। সংবিধান জীবিত ডকুমেন্ট, তাকে নিয়ে কাজ করা সম্ভব। তিনি বলেন, গোঁজামিল দিয়ে সংবিধানকে সংশোধন করা হয়েছে বারবার, তা নিয়ে পুনর্বিবেচনা করা প্রয়োজন। সব ধরনের মতামতকে সঙ্গে নিয়েই গণতান্ত্রিক পুনর্গঠনের দিকে এগিয়ে যাবে দেশ। সরকার সিদ্ধান্ত দেবে না, সিদ্ধান্ত দেবে ছাত্র-জনতা।

ড. আলী রীয়াজ বলেন, সংবিধান সংশোধনের পক্ষে আমি না। সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটি পুনর্লিখন ছাড়া আর কোনো উপায় নেই। যদি কোনো দল নির্বাচনে ৩০০ আসনও পায় তারাও এই সংবিধান পরিবর্তন করতে পারবে না। কারণ সংবিধানের ৭ অনুচ্ছেদে ‘এ’ ধারায় এমন কিছু জিনিস আনা হয়েছে যেটি সংশোধন করার কোনো উপায় নেই। তিনি বলেন, সংবিধান এমনভাবে পরিবর্তিত করা হয়েছে তাতে ব্যক্তি স্বার্থ বেশি গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রীর হাতে অবাধ ক্ষমতা থাকায় দলীয়, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সাংবিধানিক পুনর্লিখন ব্যতীত এই ক্ষমতার এককেন্দ্রিকরণ বন্ধ করা সম্ভব নয়। সাংবিধানিক পদগুলোতে কেন, কিভাবে নিয়োগ দেয়া হয়েছিল? তা আমাদের অজানা নয়। এমনকি প্রেসিডেন্ট নিয়োগের সিদ্ধান্ত একমাত্র প্রধানমন্ত্রীর ছিল, ক্ষমতার অপব্যবহারের এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? নির্বাচন কমিশন কারা নিয়ন্ত্রণ করে? রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকা সত্ত্বেও এর সমাধান হতে পারে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সমান প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ।

এছাড়াও আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট জেড আই খান পান্না, নিউ এজের সম্পাদক নূরুল কবীর, ব্যারিস্টার সারা হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দিলারা চৌধুরী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স (ফেমা)-এর সভাপতি মুনিরা খান, সুজন এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, চাকমা সার্কেলের প্রধান ও আইনজীবী রাজা দেবাশীষ রায়; সাবেক বিচারক ইকতেদার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান প্রমূখ।