শিরোনাম

উপদেষ্টাদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

উপদেষ্টাদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশে যেতে ও দেশে ফিরলে বিমানবন্দরে এবং দেশের মধ্যে সফরকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নির্দেশাবলী জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ নির্দেশাবলী জারি করা হয়।

এতে বলা হয়, উপদেষ্টাদের বিদেশে যাওয়া ও আসার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্ম-সচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

দেশের ভেতরে সফরকালে উপদেষ্টাদের অভিপ্রায় অনুযায়ী তার ঢাকা ত্যাগ ও ফিরে আসার সময় মন্ত্রণালয় বা বিভাগের উপদেষ্টার একান্ত সচিব উপস্থিত থাকবেন বলেও এতে জানানো হয়।

জেলাসদরে যথাসম্ভব জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠতম কর্মকর্তা উপদেষ্টাকে আগমন ও বিদায়ের স্থানে অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা জানাবেন।

জেলাসদরে উপস্থিত থাকার জন্য জেলা প্রশাসক বা পুলিশ সুপারের নিজের সরকারি সফর বাতিল বা পরিবর্তন করার প্রয়োজন হবে না। এ ক্ষেত্রে জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক/অতিরিক্ত পুলিশ সুপার উপদেষ্টাকে অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা জানাবেন। তবে, জেলা প্রশাসক আগেই নিজের সফর-সূচি জারি করে থাকলে উপদেষ্টার সফর-সূচি পাওয়ার পরই উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হবেন যে, জেলা-প্রশাসকের সদরে থাকা আবশ্যক কিনা। উপদেষ্টা এমন ইচ্ছা প্রকাশ করলে সেক্ষেত্রে জেলা-প্রশাসক তার সফর-সূচি বাতিল করবেন।

উপজেলা সদর বা উপজেলার অন্য কোন স্থানে উপদেষ্টার সফরকালে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠতম কর্মকর্তা উপদেষ্টাকে অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা জানাবেন। আবশ্যক না হলে জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপারের এক্ষেত্রে উপস্থিত থাকার প্রয়োজন নেই বলেন নির্দেশাবলীতে উল্লেখ করা হয়েছে।

উপদেষ্টার আগমন ও প্রস্থানের সময় আবশ্যক না হলে বিমানবন্দর বা রেলওয়ে স্টেশনে ঢাকা/চট্টগ্রাম/কক্সবাজারের জেলা প্রশাসকের উপস্থিত থাকার প্রয়োজন নেই। কক্সবাজারের পুলিশ সুপার/মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।

কোন জেলা/উপজেলায় উপদেষ্টার আগমন/প্রস্থানের সময় আশেপাশের জেলার বিমানবন্দর/রেল স্টেশন ট্রানজিট হিসাবে ব্যবহৃত হলে ট্রানজিট স্থানে সংশ্লিষ্ট জেলা-প্রশাসকের উপস্থিতির প্রয়োজন নেই; এক্ষেত্রে ট্রানজিট স্থানে জেলা-প্রশাসকের উপযুক্ত প্রতিনিধি উপস্থিত থাকবেন।

উপদেষ্টাদের আগমন ও প্রস্থানের সময় বিভাগীয় কমিশনার বা সংশ্লিষ্ট রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি)-এর উপস্থিত থাকার প্রয়োজন নেই। বিভাগীয় কমিশনার সদর দপ্তরে উপস্থিত থাকলে উপদেষ্টার আগমনের পর তিনি তাঁর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে পারেন।

উপদেষ্টাদের সফর-সূচি পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

দেশের ভেতরে উপদেষ্টার রেলযোগে ভ্রমণ-কালীন রেলওয়ে পুলিশকে কিছু নির্দেশাবলী অনুসরণ করতে হবে।

# উপদেষ্টার সফর-সূচি পাওয়ার সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশ সুপার তৎক্ষণাৎ সংশ্লিষ্ট রুটের সকল পুলিশ স্টেশন/ফাঁড়িকে অবহিত করবেন।

# যে স্টেশনে উপদেষ্টা ট্রেন থেকে অবতরণ এবং ট্রেনে পুনরায় আরোহণ করবেন অথবা কোন জংশনে যে স্থানে ট্রেন বদলের প্রয়োজন হবে সেসব স্থানে পুলিশের একজন পরিদর্শক/ উপ-পরিদর্শক উপস্থিত থাকবেন।

# রেলযোগে চট্টগ্রামে গমন ও প্রস্থানের সময় সেখানে চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার উপস্থিত থাকবেন।

সাধারণ নির্দেশায় বলা হয়, উপদেষ্টাদের সফর-সূচি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে যথাসময়ে প্রেরণ করতে হবে। সফর-সূচিতে কোন পরিবর্তন হলে তাও যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করতে হবে।

সার্কিট হাউস/সরকারি রেস্ট হাউস ব্যতীত নিজ বাড়ি কিংবা অন্যত্র অবস্থানের ক্ষেত্রে রাষ্ট্রাচার সংক্রান্ত বিদ্যমান নির্দেশাবলী প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সফর-সূচি প্রণয়নের সময় সফরটি সরকারি, না ব্যক্তিগত তা উপদেষ্টাদের দপ্তর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অবহিত করতে হবে। সরকারি সফরের সময় উপদেষ্টাদের জন্য যানবাহন ও বাসস্থানের ব্যবস্থা করা হবে। ব্যক্তিগত সফরের জন্য যানবাহন ও বাসস্থানের ব্যবস্থা করা হলে এ সংক্রান্ত সেবার মূল্য পরিশোধের প্রচলিত নিয়ম প্রযোজ্য হবে।

উপদেষ্টার একান্ত সচিব/সহকারী একান্ত সচিবরা উপদেষ্টার ইচ্ছা অনুযায়ী এ সংক্রান্ত দায়িত্ব পালন করবেন।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয়/সরকারি কাজে বিদেশে গমন ও দেশে প্রত্যাগমনের সময় বিমানবন্দরে এবং দেশের অভ্যন্তরে সফরকালে অনুসরণীয় রাষ্ট্রাচার সংক্রান্ত মন্ত্রীপরিষদ বিভাগের ২০১৮ সালের নির্দেশাবলী বাতিল করা হয়েছে বলেও নতুন নির্দেশাবলীতে জানানো হয়।