শিরোনাম

বরিশাল সিটির প্রাক্তন মেয়র কামালপত্নী ও ছেলে-মেয়ের বিরুদ্ধে দুদকের মামলা

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: মে ৭, ২০২৪ ২:১২ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

প্রায় সাড়ে ৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামালের স্ত্রী হোসনে আরা বেগম, তার ছেলে মো. কামরুল আহসান ও মেয়ে মালিহা সাবরিনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (০৬ মে) দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার বাদী হয়ে তিনটি মামলা করেন। দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তিনটি মামলার মধ্যে সাবেক মেয়র আহসান হাবিব কামালের স্ত্রী হোসনে আরা বেগমের বিরুদ্ধে ৬৪ লাখ দুই হাজার ৩৭৮ টাকার সম্পদের তথ্য গোপনসহ দুই কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৭৩৩ টাকা অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।

অন্য মামলায় সাবেক মেয়রের ছেলে মো. কামরুল আহসানের বিরুদ্ধে চার লাখ ১২ হাজার ২১২ টাকার সম্পদের তথ্য গোপনসহ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেয়ায় এক কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ৮৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অপর সন্তান মেয়ে মালিহা সাবরিনের বিরুদ্ধে দুই লাখ ৮২ হাজার ৪৬৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ এক কোটি ৫৮ লাখ ৯৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে মামলায়।

প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০২২ সালে তাদের সম্পদ বিবরণী নোটিস দেওয়া হয়েছিল। ওই বছরের জুলাই মাসে সম্পদের হিসাব দাখিল করেন সাবেক মেয়র আহসান হাবিব কামালের পরিবারের সদস্যরা। মামলায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

পৌরসভা থেকে বরিশাল সিটি করপোরেশন হলে ২০০২ সালের ২৫ জুলাই থেকে ২০০৩ সালের ১৪ এপ্রিল পর্যন্ত প্রথম ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন আহসান হাবিব কামাল। ২০১৩ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তিনি মেয়র নির্বাচিত হন এবং ২০২২ সালের ৩০ জুলাই আহসান হাবিব কামাল মৃত্যুবরণ করেন।’